চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মশাল মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার একাধিক এলাকায় উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মশাল মিছিল বের করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির সমর্থনে বরুমছড়া, রায়পুর ও হাইলধর এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। মিছিলের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এর মধ্যে হাইলধর ইউনিয়নের মালঘর বাজারে মিছিলের উদ্যোগকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুনের নেতৃত্বে দলটির কয়েক শ নেতাকর্মী জড়ো হন বলে জানা গেছে। অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফোরকানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে গড়ায়। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বাজারের কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আজগর, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আনিসুর রহমান আরাফাত এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান।
এদিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলীর হাট এবং বরুমছড়া ইউনিয়নের ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছেও মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব কর্মসূচির ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এর জবাবে বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদেরও পাল্টা মিছিল করতে দেখা যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে জড়িত ব্যক্তিরা সরে যান।
তিনি আরও জানান, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।