অবহেলায় পড়ে থাকা জমিই এখন আয়ের বড় উৎস হয়ে উঠেছে দিনাজপুরের নবাবগঞ্জের কৃষক আবদুল খালেকের। ৫০ শতক জমিতে টপলেডি জাতের পেঁপে চাষ করে ইতোমধ্যে ৪ লাখ ৫০ হাজার টাকার ফল বিক্রি করেছেন তিনি। উৎপাদন খরচ বাদ দিলে লাভের পরিমাণও বেশ আশাব্যঞ্জক। বাগানে আরও পেঁপে থাকায় মৌসুম শেষে ৭ থেকে ৮ লাখ টাকা বিক্রির প্রত্যাশা করছেন এই কৃষক।
নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কৃষ্টপুর মৌজার কামালপুর গ্রামের বাসিন্দা খালেক। কৃষির প্রতি আগ্রহ থেকেই পতিত জমিকে কাজে লাগানোর উদ্যোগ নেন তিনি। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে সেখানে ৫৭০টি টপলেডি জাতের পেঁপেগাছ লাগান। যত্ন ও নিয়মিত পরিচর্যায় বাগানজুড়ে ভালো ফলন এসেছে। এখন সেখানকার পেঁপে সংগ্রহ করে বাজারে বিক্রি করছেন তিনি।
খালেক জানান, বাগান তৈরিসহ পেঁপে চাষে তাঁর ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। প্রথম দফায় ফল বিক্রি করেই আয় হয়েছে সাড়ে ৪ লাখ টাকা। বর্তমানে প্রতি মণ পেঁপে বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। গাছে থাকা অবশিষ্ট ফল বিক্রি হলে আয় আরও বাড়বে বলে আশা তার।
এই সাফল্য তাঁকে চাষের পরিধি বাড়ানোর উৎসাহ দিয়েছে। আগামী বছর আরও বেশি জমিতে উচ্চফলনশীল টপলেডি জাতের পেঁপে আবাদ করতে চান তিনি। তাঁর বাগানের ফলন দেখে স্থানীয় কৃষক উজ্জ্বল মিয়াও উদ্বুদ্ধ হয়েছেন। নিজের এক একর পতিত জমিতে একই জাতের পেঁপে চাষের পরিকল্পনা করছেন তিনি।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, চলতি বছর উপজেলায় ১৫ হেক্টর জমিতে পেঁপে আবাদ করা হচ্ছে। ভালো উৎপাদনের জন্য মানসম্মত চারা, সুষম সার, উপযুক্ত পানি ব্যবস্থাপনা এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেন তিনি। রোগবালাই দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন। কৃষকদের এসব বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।