ফরিদপুরের মধুখালী উপজেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অন্যদিকে কমতে শুরু করেছে হামের সংক্রমণ। ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে শয্যাসংকট। হাসপাতালের বেড পূর্ণ হয়ে যাওয়ায় বারান্দা ও সিঁড়িতেও অবস্থান নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। আজ রবিবার ৩১শয্যা বিশিষ্ট হাসপাতাল এ পর্যন্ত মোট ৬৬জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ডেঙ্গুর রোগী ভর্তি আছে ১১জন।
২২ নভেম্বর (রবিবার) মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট ২৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন । তাঁদের মধ্যে ১৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য ৭৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত হামে আক্রান্ত মোট ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত কোনো রোগী ভর্তি হননি।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. কবির সরদার জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যাই বেশি। পাশাপাশি জ্বর, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর চাপও বেড়েছে। এতে হাসপাতালের নির্ধারিত শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় বারান্দা ও সিঁড়িতেও মোট ৬৬ জন রোগীদের অবস্থান করতে হচ্ছে।
তিনি আরও জানান, হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার ও নার্সরা প্রত্যেক রোগীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন। রোগীর সংখ্যা বেশি হলেও চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করছেন।
এদিকে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের পাশাপাশি জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।