সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বিজিবি। এ সময় ২০ জন আসামিকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের ব্যবস্থাপনায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে দুটি অস্ত্র, চার রাউন্ড গুলি, ৫৫৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ, ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৫৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ দশমিক ৭২ কেজি গাঁজা এবং বিভিন্ন প্রকার ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সামগ্রিক সাফল্যের তথ্য তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫৭ জন আসামিসহ প্রায় ৮৭ কোটি ৯৫ লাখ ১৫ হাজার ১৬১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। সীমান্ত সুরক্ষায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতাও কামনা করেছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে—এই বিশ্বাসকে সামনে রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রতিটি সদস্য সর্বদা নিবেদিত রয়েছেন। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।




