সিলেট নগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর পাঁচটার দিকে নগরের জল্লারপাড় এলাকার ওই হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন বদির সহযোগী আবদুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অন্য একটি ইউনিটের কাছ থেকে তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট হোটেলে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় যাচাই করে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা হোটেলটিতে যান। রাত পৌনে একটার দিকে অভিযান শুরু হয়। সেখানে অবস্থানকারীদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করতে দীর্ঘ সময় ব্যয় করেন তারা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে চারজনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরে তাঁদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের একটি সূত্রের দাবি, সিলেটের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তাঁরা সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের সিলেটে আসার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তথ্য পর্যালোচনা করে তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে ওই আসনে তার পরিবর্তে স্ত্রী শাহীন আক্তার দলীয় মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন।