ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহজাহান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে মারধর করেছেন স্থানীয়রা। গণপিটুনিতে তার একটি হাত ভেঙে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বুধবার সকালে রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অটোরিকশাচালক আকতারুল ইসলাম কাজে বেরিয়ে যাওয়ার পর তার স্ত্রী ইয়াসমিন (২৬) বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহজাহান আলী ওই নারীর ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রের দাবি, ওই নারীকে ধর্ষণের চেষ্টা করা হলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় তার পোশাক ছিঁড়ে যায় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে শাহজাহানকে আটক করেন। পরে তারা তাকে মারধর করেন, এতে তার একটি হাত ভেঙে যায় বলে জানা গেছে। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় এবং চিকিৎসার ব্যবস্থা করে।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।