পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার তরুণকে আটক করেছে বিজিবি। এ সময় আরও তিনজন পালিয়ে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্তে এ ঘটনা ঘটে। আটকরা হলেন—সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার হাফিজুল ইসলাম (২১), সদর উপজেলার সাব্বির হোসেন (১৫) ও তার ভাই রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার শিপন মিয়া (১৯)।
বিজিবি জানায়, ভোর ৫টার দিকে শারিয়ালজোত বিওপির টহল দল সীমান্তে দায়িত্ব পালনকালে মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকায় সাত তরুণকে দেখতে পায়। তারা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। বিজিবি তাদের ধাওয়া করলে চারজনকে আটক করা হয়। এ সময় তিনজন পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের সন্ধানে তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। শারিয়ালজোত ক্যাম্পের বিজিবি সদস্যরা আটক চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করেন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া তিনজনকেও আটকের চেষ্টা চলছে।




