চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ছেংগারচর পৌরসভার মরাদন এলাকার শিকদার বাড়ির আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজু এবং কুমিল্লার মহসিন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে আসা ৫-৬ সদস্যের একটি সংঘবদ্ধ দল মতলব উত্তরের ষাটনল ও ছেংগারচর পৌর এলাকায় ডাকাতির পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। সম্ভাব্য অপরাধস্থলে চেকপোস্ট বসানোর পাশাপাশি বিশেষ অভিযান শুরু করে পুলিশ।
মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন তিনজনকে ধাওয়া করা হয়। এ সময় একজন পালিয়ে গেলেও সোহেল ওরফে রাজুকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মহসিনকে রামদা ও তালা কাটার সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কারাগারে থাকার সময় পরস্পরের পরিচয় এবং পরে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে বলে পুলিশ দাবি করেছে।
সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির মামলা দিয়ে দুজনকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




