সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ মোছা. শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তেলকুপি ঈদগাহ মাঠসংলগ্ন কাঠিপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল তেলকুপি থেকে চাঁদাইকোনা অভিমুখী পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে শাহনাজকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৯৫ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
আটক শাহনাজ জয়পুরহাটের পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশন সংগ্রহ করে যাত্রীবাহী যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-১২। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।