ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা ছয় বাংলাদেশির প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাতেই তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, থানার প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলা ও থানা এলাকায়।