কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বিজিবির প্রাথমিক ধারণা, দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল। চক্রটি মিয়ানমার থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
অভিযানকালে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে। যানবাহনের চালকদেরও আটক করা হয়েছে। তারা বিস্ফোরক সরঞ্জাম মজুতের সঙ্গে জড়িত, নাকি পরিবহনের জন্য ভাড়া করা হয়েছিল, তা খতিয়ে দেখছে বিজিবি।