ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন সহোদর ভাইয়ের মৃত্যুদণ্ড এবং ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইলের চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকায় একটি কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।
রায়ে সহোদর মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়াকে মৃত্যুদণ্ড এবং অপর ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল আজিজ টুটুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।




