ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজ নিজ বাড়ি, আঙিনা, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জয়পুরহাটের কালাই পৌরসভার টিএন্ডটি এলাকায় কালাই উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাস্তাঘাটের দুই পাশের ঝোপঝাড়, বাড়ির আঙিনা, ডোবা, নালা, ড্রেন, হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশে মশা-মাছির উপদ্রব বাড়ে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
তিনি বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে একটি পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলা সম্ভব নয়। সবাইকে নিজ নিজ বাড়ি, উঠান, আশপাশের এলাকা, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে এক দিন প্রশাসন এসে এলাকা পরিষ্কার করে দেবে—এমন প্রত্যাশায় বসে থাকলে চলবে না। প্রত্যেককে নিজ দায়িত্বে পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যেতে হবে।
আব্দুল বারী আরও বলেন, রাস্তার পাশের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থান মশা-মাছির বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করে। পাশাপাশি রাতের বেলায় এসব স্থানে চোর-ছিনতাইকারীদের আড্ডা গড়ে ওঠার আশঙ্কাও থাকে। তাই জনস্বাস্থ্য রক্ষার পাশাপাশি এলাকার নিরাপত্তার স্বার্থেও ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করা জরুরি।
বিশ্বের উন্নত দেশগুলোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেসব দেশে রাস্তাঘাট, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির ভেতরে-বাইরে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা হয়। বাংলাদেশেও পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে।
পরিচ্ছন্নতা অভিযান যেন শুধু উদ্বোধনী অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের কর্মসূচিকে কেউ লোকদেখানো উদ্যোগ বলে সমালোচনা করতে পারেন। তবে সমালোচনার আশঙ্কায় থেমে গেলে চলবে না। প্রচারের পাশাপাশি বাস্তব কাজ অব্যাহত রাখতে হবে, যাতে মানুষ এর সুফল পায়।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রীও পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। রাজধানীর বিভিন্ন স্থান ও হাসপাতালসহ অপরিচ্ছন্ন এলাকায় গিয়ে তিনি মানুষকে পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্বুদ্ধ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ কে এম সাইফুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম তালুকদার সোহেল ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।