জামালপুরের বকশীগঞ্জে দেলোয়ার হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধার জানাজায় রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। তাঁকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে বাধা দেওয়ায় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই তাঁর দাফন সম্পন্ন হয়।
বুধবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে তাঁর জানাজার সময় নির্ধারিত ছিল।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দেলোয়ার হোসেনের নামে সরকারি মুক্তিযোদ্ধা গেজেট রয়েছে এবং তিনি মুক্তিযোদ্ধা ভাতাসহ সরকারি বিভিন্ন সুবিধা পেয়ে আসছিলেন। তাঁর জানাজায় রাষ্ট্রীয় মর্যাদা দিতে যাওয়ার পথে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার গাড়ি আটকে দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলীসহ কয়েকজন। তাঁরা দেলোয়ার হোসেনকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে গার্ড অব অনার প্রদানে বাধা দেন। পরে প্রশাসনের কর্মকর্তারা ফিরে গেলে স্থানীয়ভাবে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
দেলোয়ার হোসেনের ছেলে মো. মমিনুর রহমান স্বপন দাবি করেন, তাঁর বাবা সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। তাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে আগে হাইকোর্টে রিট করা হলেও রায়ে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে বহাল থাকেন।
অন্যদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী বলেন, দেলোয়ার হোসেন ‘ভুয়া মুক্তিযোদ্ধা’। মুক্তিযুদ্ধের সময় তাঁকে যুদ্ধ বা সহযোগিতায় দেখা যায়নি বলে দাবি করেন তিনি। এ কারণে গার্ড অব অনারে বাধা দেওয়া হয়েছে বলে জানান নওশেদ আলী। বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু কয়েকজন মুক্তিযোদ্ধা বাধা দেওয়ায় তা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, দেলোয়ার হোসেনের নামে সরকারি মুক্তিযোদ্ধা গেজেট রয়েছে। সেই ভিত্তিতেই রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা পাঠানো হয়েছিল। তবে পথে প্রশাসনের গাড়ি আটকে বাধা দেওয়ায় গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি।
বকশীগঞ্জে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবিতে গার্ড অব অনারে বাধা
জামালপুরের বকশীগঞ্জে দেলোয়ার হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধার জানাজায় রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। তাঁকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে বাধা দেওয়া
প্রিয় বাংলাদেশসারা দেশ


