জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আতাউর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ ভেংগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান ওই গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, পৈতৃক জমি নিয়ে আতাউর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আতাউর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




