শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৬৮টি পূজা মণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পূজা মণ্ডপের আশপাশের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কারের কাজ পূজার আগেই শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পূজার তিন দিন আগে থেকে নগর ভবনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।