টেকনাফে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম। বিশেষ অভিযান চালিয়ে এসব মালামালসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিলের মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কার্যালয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিস্তারিত জানান।
বিজিবি অধিনায়ক বলেন, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম এলাকায় অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের তথ্য পাওয়া যায়। এর পরপরই পাঁচটি চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করা হয়। একপর্যায়ে আদর্শগ্রামের একটি কাঁচা সড়কে দুটি অটোরিকশার গতিরোধ করা হয়।
অটোরিকশার চালকেরা বহন করা মালামাল সামনের একটি মোটরসাইকেলের আরোহীদের বলে জানান। বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা শর্টগান দিয়ে ফাঁকা সতর্কতামূলক গুলি ছোড়েন। মোটরসাইকেলে থাকা তিনজন সেটি ফেলে অন্ধকারে পালিয়ে যান।
পরে অটোরিকশা দুটি ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালিয়ে বস্তা, প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, ১০৩টি বোমা তৈরির খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ এবং একটি উন্নতমানের টুল বক্স। এ ছাড়া ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন দানার আরও বিস্ফোরক, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল, ৩ কেজি পেরেক ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স জব্দ করা হয়েছে।
আটক দুজন, উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক এবং জব্দ যানবাহনের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
অধিনায়ক আরও বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।