কুড়িগ্রামের রৌমারীতে মালবোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কর্তিমারী এলাকার ডিসি সড়কের শিবেরডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন রৌমারীর চতলাকান্দা গ্রামের বাসিন্দা লিপি খাতুন (৩৩) এবং তার দুই সন্তান রিশাদ (১২) ও তুবা (৭)। এ ছাড়া কর্তিমারী বাজার এলাকার শরিফা (৪২) ও ইজিবাইকের চালক নিহত হয়েছেন। চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে রৌমারীগামী ইজিবাইকটি শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অন্য যাত্রীদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত বৃষ্টি (২৫)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত একই পরিবারের তিনজন ময়মনসিংহে এক আত্মীয়ের বাড়ি থেকে রৌমারীতে ফিরছিলেন।
রৌমারী থানার ওসি কাওছার আলী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, তারা পাঁচজনের মরদেহ পেয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের মা ও খালা রয়েছেন বলে জানা গেছে।