নাটোর রেলস্টেশনে এক জার্মান পর্যটকের ব্যাগ, ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে এক যুবক উধাও হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ক্রিল ল্যান্ডার উইবার নাটোর সদর থানায় অভিযোগ করেছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ক্রিল ল্যান্ডার জানান, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরে আসেন তিনি। ভারত যাওয়ার উদ্দেশ্যে তার দর্শনা স্টেশনে যাওয়ার কথা ছিল। নাটোর রেলস্টেশনে নেমে ওয়েটিং রুমে অবস্থানের সময় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে তার ব্যাগ, ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে সটকে পড়েন। পরে জিনিসপত্র হারিয়ে রেলস্টেশনেই কান্নায় ভেঙে পড়েন ওই পর্যটক।
রেলকর্মীদের পরামর্শে রাতে নাটোর সদর থানায় অভিযোগ করেন তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনাস্থল তাদের থানার আওতাধীন না হলেও বিদেশি পর্যটকের বিষয়টি বিবেচনায় নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।