‘এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস, জামালপুর সদর উপজেলার আয়োজনে বাঁশচড়া এস.বি.জি মডার্ন উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জেলা স্কাউটসের সম্পাদক শফিউর রহমান শফী ও সদর উপজেলা স্কাউটের কমিশনার নজরুল ইসলাম।
বক্তারা বলেন, কাব ক্যাম্পের মাধ্যমে শৈশব থেকেই শিশুদের নিয়ম-শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা। পরে মহা তাবু জলসা, ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পে সদর উপজেলার ৫১টি বিদ্যালয়ের ৩০৬ জন শিক্ষার্থী, ৫১ জন শিক্ষক এবং ৫০ জন স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।