সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
তিনি ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অন্যদের মতো তাকেও চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানান, বেতকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।