রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মৃত নারীর নাম রুনা বেগম (৪০)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকায়। তিনি ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রুনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা গেছে, নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে হাসপাতালে ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।