খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ চেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে ফেইসবুক পোস্টে দাবি করেছেন তিনি।
খাগড়াছড়িতে নিজেদের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় বাড়িতে তার মা-বাবা অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন সাদিক কায়েম।
পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘রোববার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।’
মোসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাদিক কায়েমের প্রতিক্রিয়া হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডাকসু ভিপি আরও লেখেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।’
পোস্টের শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’
এদিকে ঘটনায় পর সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা সেক্রেটারী মোহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে জামায়াতের একটি দল সাদিক কায়েমের বাড়ি পরিদর্শন করে তার পিতা আবুল কাশেম এর সাথে কথা বলেন, খোঁজখবর নেন, ঘটনার তীব্র নিন্দা জানান। তারা অগ্নি সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আজ বিকেল সাড়ে ৪ টায় খাগড়াছড়ি সদরস্থ শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিছে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) কায় কিসলু বলেন, “রাত ৩টার পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারা দেশের মতো এখানেও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
“ঘরের দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।