লক্ষ্মীপুরের ছয় উপজেলায় কিশোর গ্যাংবিরোধী ধারাবাহিক অভিযানে তিন দিনে ৫৪৭ জনকে আটক করেছে জেলা পুলিশ। এর মধ্যে যাচাই-বাছাই শেষে অধিকাংশকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হলেও ৮৯ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে জেলা পুলিশ জানায়, সর্বশেষ অভিযানে ৯৯ জনকে আটক করা হয়। এর মধ্যে সদর থানায় ২৯, রায়পুরে ২৪, রামগঞ্জে ২২, কমলনগরে ১০, চন্দ্রগঞ্জে পাঁচ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নয়জনকে আটক করে। পরে ৮৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে পরিচালিত অভিযানে ১৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ২৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর রাতের অভিযানে ২৬৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২১৫ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং ৫১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং কালচার ও স্থানীয় অপরাধ দমনে জেলার ছয়টি প্রশাসনিক এলাকায় একযোগে অভিযান চালানো হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তিনি কিশোরদের স্বাভাবিক চলাফেরা ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানান।