সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত বিধিনিষেধের প্রভাবে ঢাকা থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এখন পর্যন্ত ৬১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হওয়ায় ৯ হাজার ২৬৯ জন যাত্রীর ভ্রমণসূচি অনিশ্চয়তায় পড়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে। ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাইদুবাইয়ের ৫টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্লাইট বাতিল ও চলাচলে বিঘ্নের কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ট্রানজিটের মাধ্যমে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করা যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
বেবিচক জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদিগামী যাত্রীদের ভ্রমণসূচিতে পরিবর্তন আসতে পারে।