ফরিদপুরের গুণী সুরসাধক মো. আলাউদ্দিনের সংগীতজীবন ও অসামান্য প্রতিভা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রকাশিত হয়েছে স্মারকগ্রন্থ। শুক্রবার ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
স্থানীয় পাঠাগার ‘বইঘাটা’ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য নাট্যজন ড. বিপ্লব বালা। স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সমাজসেবায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক এম. এ. সামাদ, সংস্কৃতিজন অধ্যাপক আলতাফ হোসেন, দৈনিক ইত্তেফাকের সহযোগী সম্পাদক ও কবি মহসীন হাবিব এবং বাউলশিল্পী পাগলা বাবলুসহ বিশিষ্ট অতিথিরা।
আলোচনায় বক্তারা বলেন, মো. আলাউদ্দিনের সংগীতপ্রতিভা অত্যন্ত বিরল। বাঁশি, বেহালা ও সেতারের পাশাপাশি মোট ৩৮টি বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা রয়েছে তার। এমন বহুমুখী প্রতিভার অধিকারী একজন শিল্পীর জীবন ও কর্ম সংরক্ষণে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ প্রশংসনীয়।
অতিথিরা বলেন, আলাউদ্দিনের মতো গুণী শিল্পীর অবদান যথাযথভাবে তুলে ধরা এবং তার স্মৃতি সংরক্ষণ সাংস্কৃতিক অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের জন্য আয়োজক প্রতিষ্ঠান ‘বইঘাটা’কে ধন্যবাদ জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সুরসাধক মো. আলাউদ্দিন নিজেই বেহালায় সুরের মূর্ছনা তুলে দর্শকদের মুগ্ধ করেন। পরে বাউল পাগলা বাবলু, বাদল দাস ও সমীর সাহাসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


