শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চার আগ্রহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ শিক্ষার্থীদের চিন্তাজগৎ সমৃদ্ধ করার বড় উৎস। তার রচনা থেকে সাম্য, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য মানুষের অধিকার, অসাম্প্রদায়িকতা এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কবির দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতীয় জীবনে নজরুলের অবদানের গুরুত্ব বিবেচনায় ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছেন।
মাদরাসা শিক্ষার উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ফাজিল ও কামিল ডিগ্রিকে উচ্চশিক্ষার সমমান দেওয়ার উদ্যোগ এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সূচনার মাধ্যমে মাদরাসা শিক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। এ ধারাবাহিকতায় বর্তমান সরকারও শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ শিক্ষক ও কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে দেশের ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে পাঁচটি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত ১৫ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল হামদ-নাত, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা।



