বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় গান, কবিতা ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন সংস্কৃতিকর্মীরা। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আধঘণ্টার বেশি সময় ধরে এ কর্মসূচি চলে। সাংস্কৃতিক সংগঠন সোনালী সকাল এর আয়োজন করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ফাহিম মুনতাসীরের পরিচালনায় কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানান। তাঁদের মধ্যে ছিলেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক আবদুন নূর, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক মানবর্ধন পাল, সহসভাপতি ডা. অরুণাভ পোদ্দার ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন এবং সংগঠক আহমেদ হোসেন।
এ ছাড়া জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, মহিলা পরিষদের সভাপতি সাথী চৌধুরী, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন ফাহিমা সুলতানা, মোজাম্মেল আহমেদ, বশির আহমেদ, ফাইয়াজ ফারসিদ মুবিন, মীম আক্তার, মার্জিয়া আক্তার ও তাউসিদ আলম তাজিম।




