ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-সমন্বয়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সাত দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর জামিনদারদের কাগজপত্র জমা দিয়ে তারা মুক্তি পান। এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।
নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের স্থান হিসেবে নির্ধারিত এলাকার মর্যাদা প্রত্যাহার করা সত্ত্বেও সেখানে প্রবেশ এবং শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়েছিল।
গত ১৪ অক্টোবর তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পরে ১৯ অক্টোবর হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছিল। বুধবার বর্ধিত মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
এর আগে দিল্লি হাইকোর্ট তাদের বিচার বিভাগীয় হেফাজতের বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানান। আদালত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের শুনানির ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেন। এরপরও অসন্তোষ থাকলে আপিল আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
মুক্তির শর্ত অনুযায়ী, যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সেখানে বিক্ষোভের ডাক দেবেন না সৌরভ ও আশুতোষ। শান্তি বিঘ্নিত হতে পারে, এমন কর্মকাণ্ডে জড়াবেন না বলেও তারা অঙ্গীকার করেছেন।



