ভারতের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেসহ দলের তিন নেতাকে আটক করেছে পুলিশ। এর মধ্যেই আগে ধারণ করা এক ভিডিও বার্তায় আন্দোলনের নেতৃত্ব অজিঙ্কা শিন্ডের হাতে তুলে দিয়েছেন দিপকে।
শনিবার মুম্বাই থেকে আসা একটি উড়োজাহাজ দিল্লিতে অবতরণের পর সেটির ভেতরে ঢুকে দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নির্ধারিত বিক্ষোভে অংশ নিতেই তাঁরা দিল্লিতে এসেছিলেন।
আটকের পর সিজেপির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দিপকে জানান, তিনি ও দলের অন্য শীর্ষ নেতারা আটক হলে অজিঙ্কা শিন্ডে আন্দোলনের নেতৃত্ব দেবেন। এরপর শিন্ডে সমর্থকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। যন্তর মন্তরে পৌঁছাতে বাধা দেওয়া হলে বাধার মুখে পড়া স্থানেই প্রতিবাদ অব্যাহত রাখার কথা বলেন তিনি।
শিন্ডে আগে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। করপোরেট চাকরি ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়ার পর গোয়া ও মহারাষ্ট্রে দলের সাংগঠনিক কার্যক্রমে কাজ করেন। ২০১৬ সালে গোয়ায় দিপকের সঙ্গে তাঁর পরিচয় হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে সিজেপির সংগঠনপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। পুলিশের বক্তব্য, কর্মসূচির জন্য যথেষ্ট আগে আবেদন করা হয়নি। এদিকে ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রাম থেকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। বিক্ষোভে অংশ নিতে আসা অন্য কর্মী-সমর্থকদেরও আটক করা হয়। শীর্ষ নেতাদের আটক করার পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সিজেপি।