যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভার্সিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের আদেশ স্থগিত রাখার আবেদনও করেছে সরকার। এতে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারির নিবন্ধন শুরু হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুধবার (২১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহটা অভিবাসন আইন সংস্থা রেড ঈগল ল-এর করা মামলায় ডিভি-২০২৭ কর্মসূচির নিবন্ধন পুনরায় চালুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেন। প্রাথমিক নিষেধাজ্ঞার মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।
ডিভি লটারির আওতায় ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রে কমসংখ্যক অভিবাসী পাঠানো দেশগুলোর যোগ্য নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা বরাদ্দ থাকে। এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ও অন্যান্য শর্ত পূরণকারী ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।
গত ১৯ অক্টোবর ট্রাম্প প্রশাসন আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করে। একই সঙ্গে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদেশটির কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০২৫ সালের নভেম্বরে জানিয়েছিল, ডিভি-২০২৭ কর্মসূচির আবেদনপ্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং নিবন্ধন শুরুর তারিখ পরে ঘোষণা করা হবে। কিন্তু ২০২৭ অর্থবছর ১ অক্টোবর শুরু হলেও নিবন্ধন চালু হয়নি।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নিবন্ধনের সুযোগ না থাকলে আগ্রহীরা ডাইভার্সিটি ভিসার জন্য আবেদন করতে পারেন না। ফলে নিবন্ধন অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায় কর্মসূচিটি কার্যত বন্ধ হয়ে যায়। সাময়িক স্থগিতাদেশ কীভাবে অনির্দিষ্টকালের স্থগিতাবস্থায় পরিণত হলো, সে বিষয়ে পররাষ্ট্র দপ্তর যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি বলেও মন্তব্য করেন বিচারক।
সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, নিবন্ধনের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আদালত কর্মসূচি চালুর নির্দেশ দিতে পারেন না। দেশব্যাপী কার্যকর নিষেধাজ্ঞা জারির যথার্থতা নিয়েও প্রশ্ন তোলে প্রশাসন। তবে বিচারক এসব যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, বিলম্বে নিবন্ধন শুরু হলেও কর্মসূচি বাস্তবায়ন সম্ভব।
আদালতের সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সীমা ঘোষণা এবং ১ নভেম্বর থেকে ৩০ দিনের জন্য নিবন্ধন চালুর কথা রয়েছে। নির্বাচিত আবেদনকারীদের ৩ ডিসেম্বরের মধ্যে অবহিত করার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
তবে প্রশাসনের আপিল ও স্থগিতাদেশের আবেদনের কারণে এ সময়সূচি বাস্তবায়িত হবে কি না, তা এখনো অনিশ্চিত। নিবন্ধন শুরু হলেও লটারিতে নির্বাচিত হওয়া মানেই ভিসা নিশ্চিত নয়। যোগ্যতা যাচাই, প্রয়োজনীয় নথি, সাক্ষাৎকারসহ অন্যান্য শর্ত পূরণ করতে হবে আবেদনকারীদের।

ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের ডিভি লটারির নিবন্ধন চালুর বিষয়ে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন।