ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের অবস্থানকে কেন্দ্র করে। শুক্রবারের কর্মসূচির আগে তার অবস্থান করা বাসায় গিয়ে নোটিশ দিয়েছে দিল্লি পুলিশ। তবে পুলিশের সতর্কবার্তার পরও কর্মসূচি থেকে সরে আসতে রাজি হননি তিনি।
শুক্রবার দুপুরে দিল্লির ঝান্ডেওয়ালা এলাকায় অভিজিতের অবস্থানস্থলে যান পুরুষ ও নারী পুলিশ সদস্যরা। মহারাষ্ট্রভিত্তিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসায় অবস্থান করছিলেন তিনি। পুলিশ তাকে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি থেকে বিরত থাকার পরামর্শ দেয়।
পুলিশের বক্তব্য, কনট প্লেস এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর রয়েছে। সেখানে অনুমতি ছাড়া জমায়েত বা কর্মসূচি আয়োজন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। শুক্রবার বিকেল পাঁচটায় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিজিৎ।
নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি। তবে অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে অভিজিৎ দাবি করেন, তিনি কাউকে সহিংসতায় উসকানি দেননি। তার বক্তব্য, তারা কোনো মাইক ব্যবহার করবেন না কিংবা বিক্ষোভ সমাবেশও করবেন না; জাতীয় পতাকা নিয়ে সেখানে গিয়ে পতাকা উত্তোলন করে ফিরে আসবেন।
পুলিশের সঙ্গে কথোপকথনের সময় ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ বলেন, ‘চাইলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।’ তার অভিযোগ, প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, নোটিশ দেওয়ার পর তাদের সদস্যরা সেখান থেকে চলে এসেছেন।
এর আগে সংবাদ সম্মেলনে অভিজিৎ আশঙ্কা প্রকাশ করেছিলেন, কর্মসূচির আগেই তাকে ও তার সহযোগীদের আটক করা হতে পারে। তার দাবি, এলাকায় নম্বরপ্লেটবিহীন গাড়ি ঘোরাফেরা করছে এবং সাদা পোশাকের পুলিশ সদস্যরা নজরদারি চালাচ্ছেন।
এদিকে একই সময়ে আম আদমি পার্টির নেতা-কর্মীদের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংয়ের বাসা থেকে কয়েক শ ফুট দীর্ঘ পতাকা নিয়ে তারা স্লোগান দিতে দিতে রাস্তায় এগিয়ে যান।
পুলিশের সতর্কবার্তার পর অভিজিৎ কর্মসূচি থেকে সরে এসেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। নির্ধারিত কর্মসূচি ঘিরে দিল্লিতে সম্ভাব্য আইনগত পদক্ষেপ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।