ভারতের দিল্লিতে তেরঙা মিছিল ঘিরে আটক হওয়া আইসা নেত্রী নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দিল্লি পুলিশের বিবৃতি অনুযায়ী, আইসা প্রধান নেহা বোরাকে আইনের ৬৫ ধারার অধীনে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে ছেড়ে দেওয়া হয়েছে।
 অন্যদিকে, কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কার্যকর নিষেধাজ্ঞা অমান্য করা এবং আগে দেওয়া শান্তি বজায় রাখার শর্ত ভঙ্গের অভিযোগে অভিজিৎ দীপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে। দিল্লিতে ‘লেহরা দো তিরাঙ্গা’ কর্মসূচির আগে প্রতিরোধমূলক আটক অভিযানের অংশ হিসেবে পুলিশ প্রায় ১৫০ জনকে আটক করে। একই সঙ্গে কনট প্লেস এলাকায় ব্যারিকেড বসানো হয়। 
আটকের পর আইনজীবীদের সঙ্গে দেখা করতে না দেওয়া এবং নেহা বোরাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে আইসা ও সিজিপি ক্ষোভ প্রকাশ করেছিল। এর আগে সিজিপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে শান্তিভঙ্গ এবং নিষিদ্ধ ঘোষিত যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে তিহার জেলে পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেরঙা মিছিল ঘিরে এ ঘটনাগুলো দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার, নিরাপত্তাব্যবস্থা এবং প্রশাসনিক বিধিনিষেধ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।