পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশু শিক্ষার্থী ও এক শিক্ষকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দির কলোনি এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও বহু শিক্ষার্থী। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ধসে পড়া ভবনের ভাঙা অংশ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে অন্তত ২০ শিশুর আহত হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশের হিসাবে আহতের সংখ্যা ৪০-এর বেশি।
উদ্ধারকাজ চলার সময় আরও শিশু ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় স্কুলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছাদ ধসের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি উদ্ধারকাজ দ্রুত শেষ করা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রাদেশিক গভর্নর ফয়সাল করিম কুন্দিও শোক প্রকাশ করে আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের উদ্যোগ নিয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শিক্ষা বিভাগ। বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবনটির নির্মাণমান, নিরাপত্তাব্যবস্থা ও তদারকিতে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
এ দুর্ঘটনার পর স্কুল ভবনের নিরাপত্তা এবং নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




