যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অবিশ্বাসের মধ্যেও দুই দেশকে আবার আলোচনার টেবিলে ফেরাতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদের সাক্ষাৎকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।গত জুনে পাকিস্তান ও কাতারের যৌথ উদ্যোগে দুই দেশের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছিল। এতে বৈরিতা কমানো, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ৬০ দিনের সময়সীমা নির্ধারণ এবং হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে সমঝোতা হয়েছিল।

তবে ইরানের অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মতো বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ায় সমঝোতার অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছে।

আসিম ইফতিখার আহমেদ বলেন, পাকিস্তান দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। তাঁর মতে, অতীতের তীব্র সংঘাতের মধ্যেও যেহেতু যুদ্ধবিরতি ও চুক্তি সম্ভব হয়েছিল, তাই বর্তমান সংকটেও দুই পক্ষকে পুনরায় আলোচনায় ফেরানো সম্ভব।এদিকে গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের এই প্রতিনিধি। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নীতির কারণে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজায় যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলায় শত শত নিরীহ মানুষ নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।উল্লেখ্য, আমনা বালুচের স্থলাভিষিক্ত হয়ে আসিম ইফতিখার আহমেদ পাকিস্তানের ৩৪তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।