যুক্তরাষ্ট্রের কোনো চাপের মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনা চলছে। তবে সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে আগের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ইরাকি সংবাদমাধ্যম আল-আখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মূল কারণ শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নয়; বরং দেশটির ইসলামি শাসনব্যবস্থা ও স্বাধীনতার প্রতি ওয়াশিংটনের বিরোধিতা। মার্কিন আধিপত্য মেনে না নেওয়ার কারণেই পরমাণু ইস্যুকে সামনে আনা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের আস্থার ঘাটতি রয়েছে। অতীতে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর সময়ও ইরানের ওপর হামলা হয়েছে বলে দাবি করেন তিনি। গত বছরের জুন এবং চলতি বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতাও যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে।
তবে আলোচনা ভেস্তে যাওয়া ঠেকাতে ইরান সাত দিনের একটি বিশেষ রোডম্যাপ প্রস্তাব করেছে বলে জানান আরাগচি। এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আগে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি। তেহরানের অবস্থান, যুক্তরাষ্ট্র চুক্তির প্রতিশ্রুতি বজায় রাখলেই কেবল চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।