ইউক্রেন যুদ্ধের সমাধানে রাশিয়া আবারও ত্রিপক্ষীয় আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, সামরিকভাবে রাশিয়াকে পরাজিত করা তাদের পক্ষে সম্ভব নয়। 
বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এসব মন্তব্য করেন। ইউরোপের পক্ষ থেকে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন নিয়ে উদ্বেগ ও যুদ্ধের প্রস্তুতির বক্তব্যকে তিনি ‘রাজনৈতিক সিজোফ্রেনিয়া’ বলে আখ্যা দেন। তবে ইউরোপের সঙ্গে রাশিয়ার যুদ্ধের ইচ্ছা নেই বলেও মন্তব্য করেন তিনি। 
ইউক্রেনের জনগণকে ‘ভ্রাতৃপ্রতীম জাতি’ হিসেবে উল্লেখ করে পুতিন দাবি করেন, রুশ ও ইউক্রেনীয়রা মূলত একই জাতির মানুষ। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশটির সাধারণ মানুষকে জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে ইউক্রেনের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে পুতিন বলেন, ত্রিপক্ষীয় পরামর্শে অংশ নিতে রাশিয়া প্রস্তুত। 
রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে আগামী ১০ নভেম্বরের পর এ আলোচনা হতে পারে বলে এর আগে জানিয়েছিলেন পুতিনের জ্যেষ্ঠ সহকারী ইউরি উশাকভ। আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এর আগের দিন নরওয়ের রাজধানী অসলোর এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও কথা বলেন তিনি। ইউক্রেন যুদ্ধের অবসান এবং টেকসই সমাধানের পথ খুঁজতেই এসব কূটনৈতিক তৎপরতা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।