মার্কিন মধ্যস্থতায় হামাসের অস্ত্রসমর্পণ এবং দল ভেঙে দেওয়ার চুক্তির বিষয়ে ইসরাইল সম্পূর্ণ অসন্তুষ্ট বলে জানিয়েছেন ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত অলোন পিনকাস। চুক্তি ঘোষণার পর গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলা আরও তীব্র হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানোর মধ্য দিয়েই এই অসন্তুষ্টি স্পষ্ট হয়ে উঠেছে। 

সাবেক রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বলছেন একটি চুক্তি হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কার্যকর চুক্তি হয়নি; ফলে এটি সফল হওয়ার বিষয়ে তিনি অত্যন্ত সন্দিহান।প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ট্রাম্পের এই চুক্তি একটি ‘বিরাট ব্যর্থতা’ হিসেবে দেখা দিয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরিচালিত ব্যর্থ যুদ্ধও তার সরকারের জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেন পিনকাস। আগামী অক্টোবরে ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এই পরিস্থিতিতে নেতানিয়াহুকে গাজার চলমান পরিস্থিতি দেশের জনগণের সামনে কোনোভাবে ইতিবাচকভাবে তুলে ধরতে হবে বলে তিনি উল্লেখ করেন। হামাসের ছাড় দেওয়ার পর ইসরাইলের ওপর কিছু শর্ত বর্তায়। এর মধ্যে রয়েছে তথাকথিত হলুদ রেখা বা বাফার জোনে সরে যাওয়া, গাজায় অবাধে মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া এবং গাজা উপত্যকায় হামলা বন্ধ করা। তবে গত শুক্রবার চুক্তি ঘোষিত হওয়ার পর এর কোনোটিই বাস্তবায়িত হয়নি বলে জানান সাবেক এই রাষ্ট্রদূত।