ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা ব্যবহারের প্রয়োজন নেই। তবে দেশটির সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় প্রচলিত অস্ত্রে হামলার সম্ভাবনা নাকচ করেননি তিনি। এ ধরনের অভিযানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এটি পারমাণবিক অস্ত্র নয়, বরং অত্যন্ত শক্তিশালী প্রচলিত বোমা।
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত সন্দেহভাজন ভূগর্ভস্থ স্থাপনায় হামলার সম্ভাবনার কথাও উল্লেখ করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, স্থাপনাটি দ্রুত ধ্বংস করার চেষ্টা করা হতে পারে। তবে এ অভিযানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা তিনি নাকচ করেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোয় ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের বিকল্প নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে গভীর ভূগর্ভে সুরক্ষিত স্থাপনা ধ্বংসে বোমাটি কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের সংশয় রয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে বলেও জানান তিনি। যুদ্ধ শেষ হলে তেল ও গ্যাসের দাম দ্রুত কমে আসবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের আরও দাবি, ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের অনুরোধ জানিয়েছেন। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।
তথ্যসূত্র: আনাদোলু