ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশের ছেলে বাসির আল-বুরশও রয়েছেন।আল জাজিরার প্রতিবেদনে চিকিৎসাসূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শনিবারের হামলায় তিনজন নিহত হন। এর আগে শুক্রবার আহত হওয়া আরও একজন শনিবার মারা যান।

শনিবার গাজা সিটির শেখ রাদওয়ান বাজার এলাকায় একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও গাড়িতে থাকা ব্যক্তির মরদেহ এতটাই পুড়ে যায় যে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে উত্তর গাজার জাবালিয়ায় ড্রোন হামলায় নিহত হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশের বড় ছেলে বাসির। আজ-জাহরা এলাকায় একটি শরণার্থীশিবিরের পশ্চিম দিকে এ হামলা চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় বাসিরকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়ভাবে পরিচালিত একটি বিকল্প শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের কার্যক্রম চলার সময় হামলাটি হয়। তাঁবু থেকে বের হওয়ার সময় বাসির হামলার শিকার হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বাসিরের মৃত্যুতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শোক প্রকাশ করেছে। হামলার কারণ সম্পর্কে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।