২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সাড়া মিলেছে। টিকিটের লটারিতে নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আইসিসি জানায়, আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে পুরুষদের ১৪তম ওয়ানডে বিশ্বকাপ। গত ১ অক্টোবর টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়।
আইসিসির বিবৃতি অনুযায়ী, টিকিটের জন্য এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি আবেদন জমা পড়েছে। ১৪২টি দেশের মোট ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন ক্রিকেটপ্রেমী লটারিতে নিবন্ধন করেছেন। বিশ্বকাপ ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন হিসেবে দেখছে সংস্থাটি।
আফ্রিকান সময় অনুযায়ী, ২০২৬ সালের ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টিকিটের লটারিতে নিবন্ধন করা যাবে। একজন দর্শক প্রতিটি ম্যাচের জন্য একবার আবেদন করতে পারবেন। তবে একাধিক ম্যাচ দেখতে আগ্রহীরা আলাদা আলাদা ম্যাচের টিকিটের জন্য আবেদন করতে পারবেন।
কোনো ম্যাচের টিকিটের চাহিদা বরাদ্দের চেয়ে বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাওয়া দর্শকদের নির্বাচন করা হবে। নির্বাচিত আবেদনকারীদের ই-মেইলে পরবর্তী সময়ে টিকিট কেনার নিয়ম জানিয়ে দেবে আইসিসি।