বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চার জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। শনিবার রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এ প্রতিযোগিতার আয়োজন বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এর মধ্য দিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে।
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণ সমাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে। নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও দক্ষতা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলকে সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি ক্রীড়াসুলভ মনোভাব ও খেলাধুলার আদর্শ বজায় রাখার আহ্বান জানান।