বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি সংস্করণে নতুন নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য তাঁকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে। সহঅধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে। সম্প্রতি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি। তাঁর জায়গায় দায়িত্ব পাওয়া ২৬ বছর বয়সী নাহিদা বাংলাদেশের নারী টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি। 
২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর শিকার ১৩২ উইকেট। অন্যদিকে ২৪ বছর বয়সী সোবহানা মোস্তারি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন। এই সংস্করণে তাঁর রান এক হাজার ছাড়িয়েছে। নিগার সুলতানা ও ফারজানা হকের পর বাংলাদেশের তৃতীয় নারী ব্যাটার হিসেবে এ মাইলফলক অর্জন করেন তিনি। নতুন অধিনায়ক ও সহঅধিনায়কের সামনে প্রথম বড় চ্যালেঞ্জ আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের অংশ নেওয়ার কথা রয়েছে।