রিয়াল মাদ্রিদের সাদা জার্সি ছেড়ে এসেছেন, কিন্তু ক্লাবটির প্রতি লুকা মদ্রিচের টান এখনও অটুট। ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে ৪১ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান তারকা আবারও মাদ্রিদে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে খেলোয়াড় হিসেবে নয়, ভবিষ্যতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় ক্লাবটিতে ফিরতে চান তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, রিয়াল মাদ্রিদের প্রতি তার ভালোবাসা ও সমর্থন আজীবন থাকবে। একই সঙ্গে ছোটবেলা থেকেই এসি মিলানের প্রতিও তার বিশেষ টান রয়েছে। বর্তমানে মিলানে নিজের জীবন নিয়েও বেশ সন্তুষ্ট তিনি।
নতুন ক্লাবে অভিজ্ঞতা প্রসঙ্গে মদ্রিচ জানান, মিলান ও সমর্থকদের কাছ থেকে শুরু থেকেই তিনি দারুণ অভ্যর্থনা পেয়েছেন। শহরটিও তার ভালো লেগেছে। মাদ্রিদের সঙ্গে মিলানের পার্থক্য থাকলেও ইতালির এই শহরে নিজের সময়টা উপভোগ করছেন বলে জানান তিনি।
দুই ক্লাবের তুলনা করতে গিয়ে মদ্রিচ তুলে ধরেন তাদের সমৃদ্ধ ইতিহাসের কথাও। তার মতে, রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা দল। অন্যদিকে ইউরোপীয় ফুটবলে এসি মিলানের অর্জনও অত্যন্ত মর্যাদাপূর্ণ। পুরোনো গৌরব ফিরে পেলে মিলান আবারও নিজেদের সেরা অবস্থানে ফিরতে পারবে বলে বিশ্বাস করেন তিনি।
তবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে মদ্রিচের বক্তব্য ছিল আরও স্পষ্ট। খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তবে শুধু অতীতে ক্লাবটির হয়ে খেলার পরিচয়কে কাজে লাগিয়ে ফিরে যেতে চান না।
মদ্রিচের ইচ্ছা, রিয়ালে ফিরলে এমন কোনো দায়িত্ব নিতে, যেখানে তার দীর্ঘ ফুটবল-অভিজ্ঞতা বাস্তবে কাজে লাগবে এবং ক্লাবের জন্য তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন। অর্থাৎ কেবল পরিচিত মুখ হিসেবে নয়, গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েই বার্নাব্যুতে ফিরতে চান এই মিডফিল্ডার।
অবসর নিয়েও এখনই কোনো সিদ্ধান্তে যেতে চান না মদ্রিচ। তার কাছে বয়সের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাঠের পারফরম্যান্স এবং ফুটবলের প্রতি নিজের ভালো লাগা। যতদিন নিজের খেলায় সন্তুষ্ট থাকবেন এবং ফুটবল উপভোগ করবেন, ততদিন মাঠে থাকতে চান তিনি।
মাত্র ছয় বছর বয়সে ফুটবল শুরু করা মদ্রিচের খেলোয়াড়ি জীবন ইতোমধ্যে তিন দশকেরও বেশি সময় পেরিয়েছে। এই পথ যে চিরস্থায়ী নয়, সেটি তিনি জানেন। তবে শরীর ও পারফরম্যান্স যতদিন অনুমতি দেবে, ততদিন ফুটবল থেকে সরে দাঁড়ানোর কোনো তাড়া নেই তার।
রিয়ালে ফিরতে আগ্রহী মদ্রিচ, তবে চান গুরুত্বপূর্ণ দায়িত্ব
রিয়াল মাদ্রিদের সাদা জার্সি ছেড়ে এসেছেন, কিন্তু ক্লাবটির প্রতি লুকা মদ্রিচের টান এখনও অটুট। ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে ৪১ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান তারকা আবারও মাদ্রিদে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন।
প্রিয় বাংলাদেশখেলা


