ভারতের নারী ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মান্ধানার নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার (৬ অক্টোবর) এই ঘোষণা আসে। এর কয়েক ঘণ্টা আগেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান হরমনপ্রীত কর।

২০১৩ সাল থেকে ভারতের জাতীয় দলে খেলছেন মান্ধানা। এর আগে সাদা বলের ক্রিকেটে ২২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। নারী প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২০২৪ ও ২০২৬ সালে চ্যাম্পিয়ন করানোর কৃতিত্বও রয়েছে তার।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ১৮ ম্যাচে ১১টি জয় পেয়েছেন মান্ধানা। হেরেছেন ছয়টি ম্যাচে, একটি ম্যাচ হয়েছে ফলহীন। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তার রেকর্ড শতভাগ—চার ম্যাচে চার জয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর হরমনপ্রীতের অবদানের কথা স্মরণ করেছেন মান্ধানা। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অধিনায়ক হিসেবে হরমনপ্রীত নিষ্ঠার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ভারতীয় ক্রিকেটের পথচলায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মান্ধানা আরও বলেন, ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তার জন্য বিশেষ সম্মানের। দলের সঙ্গে কাজ করে নতুন দায়িত্ব পালনের পাশাপাশি ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে হরমনপ্রীত দুই ফরম্যাটের দলেই থাকছেন। তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক শেফালি ভার্মা এবং ওয়ানডেতে মান্ধানার ডেপুটি হয়েছেন দীপ্তি শর্মা।

রায়পুরে ১৬, ১৮ ও ২০ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর ভাদোদরায় ২৩, ২৫ ও ২৮ অক্টোবর তিনটি ওয়ানডে খেলবে দুই দল।

টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন নিকি প্রসাদ। ২০ বছর বয়সী কর্ণাটকের এই ব্যাটার মিডল অর্ডারে খেলেন। ডব্লিউপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে সাত ইনিংসে তার সংগ্রহ ১৫৩ রান।

এ ছাড়া টি-টোয়েন্টি দলে ফিরেছেন অনুষ্কা শর্মা। অন্যদিকে চোট কাটিয়ে উঠছেন জেমিমা রদ্রিগেজ। ওয়ানডে দলে ফিরেছেন রেণুকা সিং ও তেজল হাসবনিস। নতুন করে জায়গা পেয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া, নন্দনী শর্মা ও সায়লি সাতঘরে।