আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অধ্যায়ের সমাপ্তিতে আবেগঘন বার্তা দিয়েছেন ক্রোয়েশিয়ার তারকা লুকা মদ্রিচ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির প্রশংসা করার পাশাপাশি তার বিপক্ষে মাঠে নামার কঠিন অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন তিনি।

ক্রোয়েশিয়ার জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদের হয়ে মেসির বিপক্ষে বহুবার খেলেছেন মদ্রিচ। লা লিগায় রিয়াল-বার্সেলোনার দ্বৈরথেও নিয়মিত মুখোমুখি হয়েছেন তারা। দুই তারকার দলীয় লড়াইয়ে ২৭ ম্যাচে মদ্রিচের জয় ১০টি, ড্র ৫টি এবং হার ১২টি।

সম্প্রতি বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন ৩৯ বছর বয়সী মেসি। বিদায়ী ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন তিনি।

কাদেনা এসইআরকে দেওয়া সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ে তার খারাপ লাগছে। তবে এটি মেসির ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেটিকে সম্মান করা উচিত বলেও জানান তিনি।

মদ্রিচের মতে, মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং তার মতো প্রতিভা খুব কমই দেখা যায়। এত বছর ধরে মেসির খেলা দেখার সুযোগ পাওয়াটাকেও তিনি সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করেন।

তবে মেসির বিপক্ষে খেলতে গিয়ে যে স্বস্তিতে ছিলেন না, সেটিও স্পষ্ট করেছেন মদ্রিচ। ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের হয়ে আর্জেন্টাইন তারকার মুখোমুখি হওয়ার সময় তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বলে জানান তিনি।

প্রতিদ্বন্দ্বিতার সেই স্মৃতি পেছনে রেখে মেসির পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ক্রোয়েশিয়ার এই কিংবদন্তি মিডফিল্ডার।