এশিয়ার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সবচেয়ে বড় আসর যুব এশিয়া কাপের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সর্বশেষ আসরে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল যুব টাইগারদের।এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট আটটি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ৫ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শিরোপা পুনরুদ্ধারের অভিযান।গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৭ নভেম্বর। ওই ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ৯ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৪ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে। অর্থাৎ টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে থাকবে মোট পাঁচটি ম্যাচ খেলার সম্ভাবনা।যুব এশিয়া কাপে বাংলাদেশের অতীত সাফল্য রয়েছে। এবারও শক্তিশালী দল নিয়ে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।