আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচের আগে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচের প্রস্তুতি হিসেবে দলের শেষ অনুশীলনে অংশ নেওয়ার পর সতীর্থদের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।ছবিগুলোর সঙ্গে মেসির লেখা বার্তায় ফুটে উঠেছে বিদায়ের আবেগ। তিনি জানিয়েছেন, দলের সঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্ত ভবিষ্যতে তিনি মিস করবেন।
এজেইজা প্রশিক্ষণ কমপ্লেক্সে শেষ অনুশীলনে মেসিকে বেশ হাসিখুশি দেখা যায়। সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই সময় কাটিয়েছেন তিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াসহ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সঙ্গে একটি দলীয় ছবিও প্রকাশ করেছেন মেসি।বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচকে ঘিরে মেসির বিদায়ী মুহূর্তের আবেগ আরও বাড়ছে।
জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ার ছিল দীর্ঘ ও সাফল্যে ভরা। শুরুতে একাধিক হতাশার পর ২০২১ সালে কোপা আমেরিকা জয় করেন তিনি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন। পরবর্তীতে আরও একটি কোপা আমেরিকা জয়ের সঙ্গেও যুক্ত হন এই তারকা।
বিদায়ী ম্যাচ ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। বিশ্বকাপজয়ী দলের কয়েকজন সদস্য এবং বিশেষ অতিথিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। আর্জেন্টিনার আরেক অভিজ্ঞ খেলোয়াড় নিকোলাস ওতামেন্দিও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটি শুধু মেসির জন্য নয়, আর্জেন্টিনার ফুটবলের একটি প্রজন্মের জন্যও আবেগঘন হয়ে উঠতে পারে।
জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলার শেষে মেসির সামনে এখন সেই পরিচিত নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামার অপেক্ষা। তার নিজের কথাতেই ধরা পড়েছে সেই মুহূর্তের আবেগ—বিশেষ কিছু মুহূর্ত, যেগুলো তিনি ভবিষ্যতে মিস করবেন।




