দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বিজয়া দশমী। সকালে পূজার আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেন বিবাহিত নারীরা। ঢাকের বাদ্য, ভক্তিমূলক গান আর শুভেচ্ছা বিনিময়ে মণ্ডপগুলোতে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
বুধবার সকালে দশমী বিহিত পূজা ও অপরাজিতা পূজা শেষে শুরু হয় সিঁদুর খেলা। নারীরা প্রথমে দেবী দুর্গার চরণে সিঁদুর দেন এবং তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। পরে একে অপরের সিঁথি ও মুখে সিঁদুর মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই আচার দেবীর আশীর্বাদ ও পারিবারিক মঙ্গল কামনার প্রতীক। সিঁদুর খেলাকে কেন্দ্র করে নারী ও শিশুদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ আয়োজন পরিণত হয় মিলন ও শুভেচ্ছা বিনিময়ের উৎসবে।
পূজা উদ্‌যাপন কমিটি জানিয়েছে, বিকেলে শহরের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে বিজয়া শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে জয় কালী দীঘিতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।