জুলাই-আগস্টের আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে অভিযোগটি জমা দেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে মিরপুর এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ, হত্যাসহ বিভিন্ন ধরনের দমনমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আওতায় আনা হয়েছে।

অভিযোগ দাখিলের আগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়।

এদিকে একই ধরনের মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের যোদ্ধা হান্নান।